২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপাচার্যের অপসারণ দাবিতে আইইউটিতে বিক্ষোভ

কর্মচারী ছাঁটাইসহ বিভিন্ন অভিযোগে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আইইউটির উপাচার্য মুনাজ আহমেদ নূরের অপসারণ দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 02:22 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৮টার থেকে ওই বিক্ষোভ শুরু হয়।

তিনি বলেন, “সকালে ‘সেভ আইইউটি’ শ্লোগান লেখা ব্যানার নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে জড়ো হন শিক্ষার্থী ও বেশ কয়েকজন শিক্ষক। ভেতর থেকে প্রধান ফটকের তালা আটকে তারা সেখানে অবস্থান নিয়ে ভিসির বিরুদ্ধে স্লোগান দিয়ে তার অপসারণ দাবি করছেন তারা।”

গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়।

আইইউটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, বিনা কারণে কর্মচারী ছাঁটাই, ছাত্রীদের হয়রানিসহ ১৩ দফা দাবিতে সকাল থেকে ছাত্র, শিক্ষক ও কর্মচারীরা সমন্বিতভাবে ভিসি স্যারের বিরুদ্ধে আন্দোলনে আছি।

“অবিলম্বে আমরা তার অপসারণের দাবি করছি। আমাদের বিশ্ববিদ্যালয় যেহেতু ওআইসির অধীনে চলে তাই আমরা ওআইসির মহাসচিবের হস্তক্ষেপ কামনা করছি।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী ল্যাব ইনস্ট্রাক্টর মো. গোলাম মোস্তফা বলেন, “ভিসি আইইউটিতে যোগদানের পর থেকে বিনা কারণে অনেক কর্মচারীকে ছাঁটাই করেছেন। কাউকে কাউকে স্বেচ্ছায় অব্যাহতি দেওয়ার চাপও সৃষ্টি করছেন।”

সহকারী অধ্যাপক মো. তাসলিম রেজা বলেন, “ভিসির অসৌজন্যমূলক আচরণ ছাড়াও কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছি। কিন্তু সমাধান হয়নি। তারপর গত নভেম্বর ওআইসির মহাসচিবের কাছে সমস্যার কথা জানিয়েছে।

“সেখান থেকে তিনসদস্যের একটি টিম আইইউটিতে এসে ভিসির সঙ্গে কথা বললেও তিনি বদলাননি। তার অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

খবর পেয়ে দুপুরে ভিসি ঢাকা থেকে ক্যাম্পাসে যেতে চাইলে বিক্ষোভকারীরা ফটকের তালা খুলছে না। ভিসিও সেখানেই অবস্থান নেন। ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়ে বেলা সাড়ে ৪টার দিকে তিনি ফিরে যান।

ওসি আমিনুল বলেন, জেলা প্রশাসক হুমায়ুন কবির ও গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডলকে নিয়ে আলোচনার চেষ্টা করেছি। কিন্তু তারা আমাদের সঙ্গে আলোচনায় বসেনি।

“তারা প্রধান ফটক তালাবদ্ধ করে অবস্থান করছে।”

বিএনপি-জামায়াতের নেতাদের মদদে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের তার বিরুদ্ধে উস্কে দিচ্ছে অভিযোগ করেন ভিসি মোনাজ আহমেদ নূর।

তার বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, “সম্প্রতি আওয়ামী লীগের উপ-কমিটিতে আমার নাম যুক্ত হওয়ায় বিষয়টি অনেকের পছন্দ হয়নি। অসৌজন্যমূলক আচরণ, দুর্ব্যবহার কিংবা ছাত্রী হয়রানির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”