২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে খবর সংগ্রহ করতে গিয়ে হামলায় দুই সাংবাদিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিকদের দুই পক্ষের মারামারির খবর সংগ্রহ করতে গিয়ে হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 05:39 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

বুধবার বেলা ১০টার দিকে বেনাপোল আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে বলে বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান।

আহত ইনডিপেনডেন্ট টিভির যশোর জেলা প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরা পারসন শরীফ খানকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত শরীফের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের তত্ত্ববধায়ক কামরুল ইসলাম বেণু জানিয়েছেন।

জিয়াউল হক বলেন, বেনাপোল হ্যান্ডলিং শ্রমিকদের দুই দলের মধ্যে গতকাল থেকে মারপিট চলছে। ইনডিপেনডেন্ট টিভি এই খবর সংগ্রহের জন্য তাদের পাঠানো হয়।

“সকাল ১০টার দিকে বেনাপোল আওয়ামী লীগ অফিসের সামনে মিছিল করছিল একদল শ্রমিক। এসময় দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। শরীফ ফুটেজ নিতে গেলে তাকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। তাকে রক্ষা করতে গেলে আমাকেও মারধর করে।”

এদিকে দুই সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাংবাদিকরা। যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের দড়াটানা হয়ে প্রেসক্লাবে এসে শেষ হয়।