বেনাপোলে মসজিদ থেকে তাবলিগ সদস্যের লাশ উদ্ধার
যশোরের বেনাপোলের একটি মসজিদ থেকে তাবলিগ জামাতের এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার এ এস আই মনির জানান, মধ্যপাড়া বুল্লির মোড় জামে মসজিদের সিড়ি থেকে তারা লাশটি উদ্ধার করেন।
নিহত নাসির উদ্দিন (২৩) কুমিল্লার দেবীদ্বার উপজেলার কামরুল ইসলামের ছেলে।
তাবলিগ জামাত দলের মুরব্বী বাবুল হোসেন বলেন, তাদের ১৫ সদস্যের একটি দলের সঙ্গে মঙ্গলবার দুপুরে নাসির ওই মসজিদে আসেন। রাতে নাসিরসহ সবাই একসঙ্গে রাতের খাবার খান। এরপর রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়েন তারা।
ভোরে সবাই ফজরের নামাজ পড়তে উঠলেও নাসিরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মসজিদের সিড়িতে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ পাওয়া যায় বলে জানান তিনি।
এ এস আই মনির বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত করা হচ্ছে।
