২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের আদেশে স্থগিত পেট্রোল বোমায় ৫ শ্রমিক নিহতের মামলা

উচ্চ আদালতের নির্দেশে পেট্রোল বোমা হামলায় মাগুরায় পাঁচ শ্রমিক নিহতের মামলার বিচারিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 06:32 PM

Updated : 19 Aug 2022, 01:28 PM

মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন মঙ্গলবার দুপুরে মামলার সমস্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করেন বলে আসামি পক্ষের আইনজীবী রোকনুজ্জামান খান জানান।

তিনি বলেন, গত ৩১ জুলাই মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে এ মামলার অভিযোগ গঠন হয়। অভিযোগ গঠনের পর মামলার ১ নম্বর আসামি মাগুরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ মামলা বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেন।

“আবেদনের প্রেক্ষিতে গত ১৫ নভেম্বর বিচারপতি মোহাম্মদ মিফতা উদ্দিন চৌধুরী এবং বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ এক আদেশে মামলার সকল কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেয়।”

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ ফিরোজুর রহমান বলেন, “মঙ্গলবার মামলার সাক্ষ্যের দিন ছিল। আদালতে সাক্ষী হাজিরা দিলে আসামি পক্ষের আইনজীবীরা হাই কোর্টের আদেশের সত্যায়িত কপি জমা দেন। পরে বিচারক মামলার সমস্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।”

২০১৫ সালের ২১ মার্চ সন্ধ্যায় মাগুরা-যশোর সড়কের মঘির ঢালে পেট্রোল বোমার আগুনে দগ্ধ হন নয় বালু শ্রমিক, যাদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়। বাকিরা গুরুতর দগ্ধ হয়েছেন।

নিহতরা হলেন রওশন আলী বিশ্বাস, মতিন বিশ্বাস, শাকিল আহমেদ, ইয়াদুল ও ইমরান। হতাহত নয় শ্রমিকের বাড়ি মাগুরা সদরের মালিক গ্রামে।

পরদিন মাগুরা সদর থানার এএসআই আব্দুস সালাম বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি আলী আহমেদসহ ২৬ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মামলা তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওসি ইমাউল হক ২০১৫ সালের ১৬ অগাস্ট ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। গত ৩১ জুলাই অভিযোগ গঠন করে মামলা বিচার কার্যক্রম শুরু হয়।

পুরনো খবর:

মাগুরায় পেট্রোল বোমায় নিহত ৫: এক বছরেও বিচার শুরু হয়নি