২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে আ. লীগের সংঘর্ষ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে ‘চেয়ারে বসা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2018, 07:14 PM

Updated : 11 Oct 2022, 11:59 AM

বুধবার শহরের শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে এ ঘটনা ঘটে বলে দলের নেতাকর্মী ও পুলিশ জানিয়েছে।  

এ সময় কিছুক্ষণ অনুষ্ঠান বন্ধ থাকলেও ১৫ মিনিট পর আবার শুরু হয়।

আহতদের মধ্যে সাকিব (১৮), আবদুল্লাহ (৩২), আকিব (২৪), রকিব (৪০), আবু আবদুল্লাহ (২২) ও তানভিরকে (২৮) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি নবীর হোসেন জানান, বিকাল ৪টায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের অনুষ্ঠান শুরু হলে দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠান স্থল শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে প্রবেশ করেন।

“অনুষ্ঠান চলাকালে চেয়ারে বসা নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।”

সংঘর্ষ চলাকালে দুপক্ষ চেয়ার ছোরাছুরি করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে বলে জানান ওসি নবীর।

এ ঘটনা ঘটিয়েছে তাদের খোঁজা হচ্ছে বলে নবীর জানান।

সমাবেশে আসা জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মোক্তাদির চৌধুরী বলেন, “যারা এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্বে দলীয় ব্যবস্থাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, পৌর মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সহসভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী মন্টু প্রমুখ।