২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক নিহতের গুজবে অবরোধ-অগ্নিসংযোগ  

গাজীপুর শহরে বাস চাপায় পোশাককর্মী নিহতের গুজবে গাড়িতে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2018, 06:14 PM

Updated : 19 Aug 2022, 01:23 PM

বুধবার সিটি করপোরেশনের নাওভাঙ্গায় ঢাকা-শিমুলতলী সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুই ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

ফ্ল্যামিঙ্গো ফ্যাশন্স লিমিটেডের কর্মী সুমিকে (২০) ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।

ফ্ল্যামিঙ্গো ফ্যাশন্স লিমিটেডের সুয়িং অপারেটর মো. আশরাফুল ইসলাম জানান, সকাল পৌনে ৮টার দিকে কারখানার সামনে রাস্তা পার হওয়ার সময় শিমুলতলী থেকে কালিয়াকৈরগামী কেপি পরিবহনের একটি বাস সুমি (২০) নামের এক শ্রমিককে চাপা দিয়ে পালিয়ে যায়।

“এতে গুরুতর আহত হন সুমি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।”

আশরাফুল বলেন, এদিকে দুপুরে সুমি মারা গেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। তখন ওই কারখানার শ্রমিকরা রাস্তায় অবস্থান নিয়ে অবরোধ করে।

জয়দেবপুর থানার এসআই মো. আব্দুর রহমান জানান, বিক্ষুদ্ধ শ্রমিকরা শিমুলতলী সড়কে অবস্থান নিয়ে কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং একটি বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ সদস্য ও ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান।

“ওই সড়কে প্রায় দুই ঘণ্টা গাড়ি চলাচল বিঘ্নিত হয়। বেলা আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল শুরু হয়।”

কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. মেজবাহ উদ্দিন মুরাদ জানান, বাস চাপায় সুমি আহত হলেও মারা যাননি। তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

“কে বা কারা সুমির মৃত্যুর গুজব ছড়িয়ে দিলে বিক্ষুদ্ধ শ্রমিকরা বাসে অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বুধবারের জন্য কারখানা ছুটি দেওয়া হয়েছে।