মরা গরুর মাংস বিক্রির অভিযোগে সাভারে গ্রেপ্তার ২
ঢাকার সাভার উপজেলায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
সাভার থানার এসআই নাজমুল হোসেন খান জানান, শনিবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের দিলখুশবাগ এলাকার রূপনগর সুপার মার্কেট থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন – মাংস বিক্রেতা রাজু মিয়ার সহকারী আবুল কালাম (২৭) ও ওমর ফারুক (৩৪)।
রাজু পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
এসআই নাজমুল বলেন, শনিবার সকালে পৌর এলাকার ছায়াবীথি মহল্লা থেকে একটি মরা গরু সংগ্রহ করে কেটেকুটে দোকানে আনেন রাজু ও তার সহযোগীরা।
“ঘটনার একজন প্রত্যক্ষদর্শী অন্যদের জানান। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। আটক কালাম মরা গরু কাটার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।”
রাজুকে গ্রেপ্তারের চেষ্টার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
