২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী নির্বাচন আ. লীগের অস্তিত্বের লড়াই: লিটন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের অস্তিত্বের লড়াই বলে মনে করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2018, 05:19 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

শুক্রবার রাজশাহী নগরীতে এক আলোচনা সভায় তিনি বলেন, শেখ হাসিনার অধীনে সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন হবে অস্তিত্বের লড়াইয়ের নির্বাচন। ওই লড়াইয়ে জিততে হলে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে শেখ হাসিনার উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে বার বার যেতে হবে।

“নিজেদের ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে নিতে হবে। শুধু উন্নয়ন করেছি এই আত্মতৃপ্তিতে ভুগলে চলবে না। আরও বেশি বেশি করে জনগণের কাছে যেতে হবে।”

রাজশাহী মহানগরের সভাপতি লিটন বলেন, বাংলায় জন্ম গ্রহণ করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা অস্বীকার করে তাদের এদেশে থাকার কোনো অধিকার নেই। সেনা ছাউনি থেকে বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন জিয়াউর রহমান।

“তার স্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান এখন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রণ করছেন। খালেদা জিয়াকে নির্বাচন করতে হলে শেখ হাসিনার অধীনেই নির্বাচন করতে হবে।”  

আগামী নির্বাচনে নৌকায় নারীদের ভোট নিশ্চিত করার জন্য লিটন তাদের আওয়ামী লীগের পতাকা তলে নিয়ে আসার আহ্বান জানান দলের নেতা- কর্মীদের।

নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনের আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি মীর ইকবাল, শফিকুর রহমান বাদশা, মুক্তিযোদ্ধা নওশের আলী, মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল হুদা রানা, উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লেমন প্রমুখ।