২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার, থানায় ভাংচুর

একটি মারধরের মামলায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তারের পর থানায় হামলা-ভাংচুর করেছে একদল যুবক।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2018, 09:56 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

বৃহস্পতিবার বিকালে এ ঘটনা নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়তে হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন বানিয়াচং উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল মিয়া এবং ছাত্রলীগ নেতা রাজিব আহমেদ।

বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক বলেন, “বিকালে ৫ ও ৬ নম্বর বাজার ভূমি অফিসের অফিস সহায়ক আলী আক্তারকে তুচ্ছ বিষয় নিয়ে মারধর করেন মো. বাবুল মিয়া।”

ওসি জানান, এ ঘটনায় আলী আক্তার বাদী হয়ে তাৎক্ষণিক বানিয়াচং থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরপরই পুলিশ বাবুল মিয়া ও সাবেক ছাত্রলীগ নেতা রাজিব আহমেদকে গ্রেপ্তার করে।

“বাবুল ও রাজিবকে গ্রেপ্তারের প্রতিবাদে সন্ধ্যায় থানা ঘেরাও করে হামলা ও ভাংচুর চালায় উপজেলা ছাত্র ও যুবলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তারা থানার লাইফ পোস্টসহ আসবাবপত্র ভাংচুর করেছে।”

ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ১০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ। এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে পিছু হটে হামলাকারীরা।

পরে তারা ভূমি অফিসের ঘুষ-দুর্নীতি ও থানার ওসির অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান ওসি।

মামলার বাদী আলী আক্তার হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের ভাতিজা।