গাজীপুরে কভার্ডভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত-২
গাজীপুরের সালনায় অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় কভার্ডভ্যানের দুই আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার সাড়ে ৯টার দিকের ওই দুর্ঘটনার পর ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা কবলিত ট্রেনের ইঞ্জিন সরিয়ে নেওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল শুরু হয় জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া জানান।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন-ময়মনসিংহের ফুলপুরের মো. সেলিম (২৭), তিনি স্থানীয় টিএম ফ্যাশন কারখানায় লোডার পদে চাকরি করতেন। নিহত অপরজনের আনুমানিক বয়স ২৫ বছর, তার পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে কভার্ডভ্যান চালক সাইফুল ইসলাম (২৫) এবং কারখানার প্যাকিংম্যান আরমানের (২৬) নাম জানা গেছে। আরমান গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সাইফুল ও অজ্ঞাত পরিচয় (২৭) একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, দুর্ঘটনার পর জয়দেবপুর জংশনে দ্রুতযান, মৌচাক স্টেশনে পদ্মা এক্সপ্রেস ট্রেনসহ আশপাশের স্টেশনগুলোতে কয়েকটি ট্রেন যাত্রাবিরতি করে। উদ্ধারকারী ট্রেন এসে চিত্র এক্সপ্রেসের ইঞ্জিন জয়দেবপুর রেল জংশনে নেওয়ার পর ওই ফের ট্রেন চলাচল শুরু হয়।
