শাবিতে টেকসই উন্নয়ন সম্মেলন ৪ জানুয়ারি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সমাজকর্ম ও টেকসই সামাজিক উন্নয়ন’ বিষয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ও সম্মেলনের আহ্বায়ক তুলসী কুমার দাস এ কথা জানান।
তিনি বলেন, আগামী ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সম্মেলনে দেশ-বিদেশের শিক্ষক-শিক্ষার্থীরা সমাজকর্ম ও টেকসই সামাজিক উন্নয়নের ওপর তাদের গবেষণাপত্র নিয়ে উপস্থিত থাকবেন।
“নিবন্ধনকারীদের মধ্য থেকে ১০০টির বেশি গবেষণাপত্র আমরা বাছাই করেছি। তিনদিনে মোট ২০টি টেকনিক্যাল সেশনে এসব গবেষণাপত্র উপস্থাপন করা হবে।”
নিবন্ধন ছাড়াই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ সকলের জন্য সম্মেলনে প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে বলে অধ্যাপক তুলসী কুমার জানান।
সম্মেলন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন বলেন, “সমাজকর্ম আমাদের দেশে এখনও প্রফেশন হিসেবে গৃহীত হয়নি। বিদেশে এটি বেশ জনপ্রিয় প্রফেশন। সমাজকর্মের জ্ঞান দিয়ে কীভাবে টেকসই সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা যায় মূলত তা আলোচনা করা হবে এ সম্মেলনে।”
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
সংবাদ সম্মেলনে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফয়সাল আহমেদ, অধ্যাপক আ ক ম মাহবুবুজ্জামান, অধ্যাপক আমিনা পারভীন, অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসাইন, অধ্যাপক মো. মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক শফিকুর রহমান, সহকারী অধ্যাপক আবুল কাশেম, কৃত্তিবাস পাল, প্রিয়াঙ্কা ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
