চৌগাছায় খাদ্য গুদামের ছাদ ধসে আহত অর্ধশত
যশোরের চৌগাছা উপজেলায় নির্মাণাধীন সরকারি খাদ্য গুদামের ছাদ ধসে অন্তত অর্ধশত শ্রমিক আহত হয়েছেন।
রোববার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা কার্তিক দেবনাথ জানান।
আহতদের মধ্যে ১৮ জনকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এরা হলেন মুকুল (২৫), আল-আমীন (২২), হরিপদ (২০), কৃষ্ণ (৪৫), সেলিম (২৬), আবুল কাশেম (২৩), জনি (৩০), ইমান আলী (২৬), শফি (২১), ইকবাল (২৭), মজনু (২৭), আ. রউফ (২৫), রফিকুল (২৭), আব্দুল (২৭), আজিজুর (৩২), তবিবর (২৬), আনিছুর (৩৪) ও কানাই (২৪)।
আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা শ্রমিক সর্দার মোহাম্মদ আলী জানান, প্রায় নয় হাজার বর্গফুটের এই ছাদ ও বিমের ঢালাই একসঙ্গে চলছিল। বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ঢালাই শেষে তার নেতেৃত্বে ৩৯ জন শ্রমিক গোসল সেরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। এ সময় উপরে থাকা শ্রমিকরা নেমে আসছিলেন।
“হঠাৎ বিকট শব্দে বিমসহ সম্পূর্ণ ছাদ ধসে পড়ে। এ সময় উপরে এবং পাশে থাকা পঞ্চাশের অধিক শ্রমিক কম-বেশি আহত হন।”
ভিতের মাটি নরম থাকা, বিম আগে ঢালাই না দেওয়া এবং একসঙ্গে প্রায় নয় হাজার বর্গফুট ছাদের ঢালাই দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা সালমা চৌধুরী বলেন, “বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না। খাদ্য মন্ত্রণালয়ের একজন প্রজেক্ট ডাইরেক্টর রেজাউল করিম ঢালাইয়ের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আপনারা তার কাছে বিষয়টি জিজ্ঞেস করুন।”
উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা কার্তিক দেবনাথ বলেন, “আজ প্রথম দিনের ঢালাইয়ের কাজ চলছিল। দিনের কাজ শেষে নির্মাণাধীন ওই ছাদ ধসে পড়ে।”
উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভীন বলেন, “আমি ঘটনা শুনেছি। ভবনটির নির্মাণাধীন ছাদ ধসে পড়ার সময় কনসাল্টেন্সি ফার্ম এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ঢালী কনস্ট্রাকশনের সাইট ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে অবস্থান করছিলেন।”
