২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর জনসভায় প্রবেশের সময় মারামারিতে আহত ৪

যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলে প্রবেশের সময় দুই পক্ষের মারামরিতে এক যুবলীগ নেতাসহ চারজন আহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 03:36 PM

Updated : 12 Apr 2022, 01:01 AM

রোববার সকালে শহরের ঈদগাহ মোড়ে এ ঘটনায় আহতদের যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ জানান।

এরা হলেন- জেলা যুবলীগের সদস্য ও শহরের ওয়াপদা মোড় এলাকার খায়রুল ইসলামের ছেলে রাজিবুল আলম (৪২), ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শহরের ষষ্ঠীতলা পাড়ার আশরাফুল কবির শিকদার (৪০), রায়পাড়া এলাকার মজিবর রহমানের ছেলে ইমাম হোসেন (২২) ও কারবালা এলাকার ইসহাকের ছেলে বিপ্লব (৩০)।

রাজিবুল আলম বলেন, প্রায় দুই হাজার নেতাকর্মীর মিছিল নিয়ে তারা জনসভাস্থলে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুমন ও সাবেক ছাত্রলীগ নেতা বিপুলের নেতৃত্বে তাদের মিছিলে বাধা দেওয়া হয়।

“বাধা দেওয়ার কারণ জানতে এগিয়ে গেলে ছুরি নিয়ে হামলা করে।

চিকিৎসক আবদুর রশিদ বলেন, আহত চারজনের মধ্যে রাজিবুল ও বিপ্লব ছুরিকাহত। বাকি দুইজনের শরীরে জখমের চিহ্ন রয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, মিছিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছে বলে তারা জানতে পেরেছেন।