২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে নব্য জেএমবির এক ‘সদস্য’ গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় নব্য জেএমবির এক সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কক্সাবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 11:25 AM

Updated : 11 Oct 2022, 02:53 PM

রোববার ভোরে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন জানান।

গ্রেপ্তার শরফুল আউয়াল (৩০) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নালানগর মুন্সিবাড়ী এলাকার জামশেদ চৌধুরীর ছেলে।

রুহুল বলেন, জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে শরফুলের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। কোটবাজারের একটি বাড়িতে শরফুল আত্মগোপন করে আছে এমন তথ্য পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ওই ফোনে অ্যাপস ব্যবহার করে শরফুল আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে কথা বলতেন বলে এ র‌্যাব কর্মকর্তা জানান।

তিনি বলেন, নব্য জেএমবির এ সদস্য গত জানুয়ারি মাসে জামিনে বের হয়ে জিহাদের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার নামে ফেইসবুক ব্যবহার করে জঙ্গি তৎপরতা চালাচ্ছিল।

তবে এর আগে শরফুল কোন মামলায় কবে গ্রেপ্তার হয়েছিল তা বিস্তারিত জানাতে পারেনন তিনি।

শরফুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এ র‌্যাব কর্মকর্তা জানান।