২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কভার্ডভ্যানের ধাক্কায় দম্পতি নিহত

গাজীপুরে কভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন; আহত হয়েছে তাদের ছেলেও।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2017, 11:02 PM

Updated : 12 Apr 2022, 01:00 AM

শনিবার সিটি করপোরেশনের কড্ডায় এ দুর্ঘটনা ঘটে বলে সালনা হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা জানান।

নিহতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকার ফারুক খান (৩৫) ও তার স্ত্রী পলি আক্তার (৩০)।

আহত মারুফ খানকে (৮) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি বাসুদেব বলেন, বিকালে উত্তরবঙ্গ থেকে আসা একটি বাস থেকে চন্দ্রা মোড়ে নামেন ছেলে মারুফ ও তার মা পলি। সেখানে আগে থেকেই মোটরসাইকেল নিয়ে স্ত্রী-সন্তানের জন্য অপেক্ষা করছিলেন ফারুক।

“সাড়ে ৫টার দিকে ছেলে ও স্ত্রীকে মোটরসাইলে করে তুলে বাসার পথে রওনা হন ফারুক। কড্ডায় মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কভার্ডভ্যান । এ সময় তারা মোটরসাইকেল থেকে পড়ে গেলেও পলি ঘটনাস্থলেই মারা যান।”

স্থানীয়রা আহত অন্য দুইজনকে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে ফারুক খানও মারা যান বলে জানান তিনি।