কুমিল্লা বোর্ডে জেএসসিতে পাশ ৬২.৮৩ শতাংশ
জুনিয়র স্কুল সার্টিফিকের পরীক্ষায় এবার কুমিল্লা বোর্ডে ৬২ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।
বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহাদুর হোসেন শনিবার এ তথ্য জানান।
তিনি জানান, এ বছর দুই লাখ ৬১ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে এক লক্ষ ৬৪ হাজার ৪৫৬ জন।
এ বছর পাশ ও জিপিএ ৫ দুটোই কমেছে।
গত বছর পাশের হার ছিল ৮৯ দশমিক ৬৮ শতাংশ। গত বছর জিপিএ ৫ পেয়েছিল ১৯ হাজার ১৮৬ জন। এবার জিপিএ ৫ পেয়েছে আট হাজার ৮৭৫ জন।
দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ২০১৭ সালের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে দেন।
এবার আট শিক্ষা বোর্ডের অধীনে জেএসসিতে পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ।
বাহাদুর হোসেন জানান, ইংরেজি ও গণিতে ফলাফল খারাপ করায় কুমিল্লা বোর্ডে ফলাফল বিপর্যয় হয়েছে। শহর পর্যায়ের স্কুলগুলোর ফলাফল ভালো হলেও উপজেলা পর্যায়ে স্কুলগুলো বেশি খারাপ করেছে।
“ইংরেজিতে ফেল করেছে ৭৬ হাজার ৬৮১ জন, অর্থাৎ ৭০ দশমিক ৭০ শতাংশ। গণিতে ফেল করেছে ৪৫ হাজার ৯১৫ জন, অর্থাৎ ৮২ দশমিক ৪৬ শতাংশ।”
উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইংরেজি ও গণিতে শিক্ষক স্বল্পতার কথা উল্রেখ করেন এই কর্মকর্তা।
তিনি আরও জানান, কুমিল্লার ৬১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাশ করেছে। অপরদিকে কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর হাই স্কুলে কেউ পাশ করেনি।
