সিলেটে জমি নিয়ে সংঘর্ষে আহত ৭০
সিলেটের কোম্পানীগঞ্জে জমির মালিকানা নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার বাঘজুড় গ্রামে উস্তার আলী ও কালাম মিয়া পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান জানান, বাঘজুড় গ্রামের উস্তার আলী ও কালাম মিয়ার মধ্যে একটি জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
“সকালে বিরোধপূর্ণ জমিতে ধানের চারা রোপন নিয়ে উভয়পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ৭০ জন আহত হয়েছেন।”
ওসি জানান, আহতদের মধ্যে ৫২ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।
তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওসমানী হাসপাতালের পরিচালক একে মাহবুবুল হক।
