গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
গাজীপুরের কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার রাতে উপজেলার দেওপাড়ায় একটি ওয়ার্কসশপে এ দুর্ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁন জানান।
মৃত মাসুদ রানার (৪০) বাড়ি শরিয়তপুরে। তার লাশ কালীগঞ্জ থানার রয়েছে বলে জানিয়েছেন ওসি আলম।
আহতদের পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি বলেন, “রাত সাড়ে ৯টার দিকে দেওপাড়ার প্রাণ-আরএফএলের ওয়ার্কসশপে পিকআপ ভ্যান থেকে গ্যাস ভর্তি সিলিন্ডার নামানোর কাজ করছিল কয়েকজন শ্রমিক। এ সময় বিকট শব্দে বিস্ফোরণে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয় এবং তিনজন আহত হন।”
এ নিয়ে গাজীপুরে প্রাণ-আরএফএলের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়ি থেকে গ্যাস সিলিন্ডার নামাতে গিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটেছে। এতে তিনজনের মত আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
একজনের ‘মৃত্যুর’ বিষয়টি নিয়ে তিনি কোনো মন্তব্য করনি।
কালীগঞ্জ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার মোল্লা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত চাপ লেগে গ্যাস লিক হয়ে বের হওয়ার সময় এ বিস্ফোরণ হয়েছে।
