২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূকে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামী আটক 

নারায়ণগঞ্জে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2017, 05:22 PM

Updated : 19 Aug 2022, 06:16 PM

শুক্রবার সদর উপজেলার ফতুল্লার দক্ষিণ নয়ামাটি এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ফেরদৌসী বেগম খাবিয়া (৪৫) রাজধানীর ওয়ারী এলাকার ফজলুল হকের মেয়ে।

এ ঘটনায় খাবিয়ার প্রাক্তন স্বামী নিজাম উদ্দিন চৌধুরীকে পুলিশ আটক করেছে বলে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি কামাল উদ্দিন জানান, তিন মাস আগে দক্ষিণ নয়ামাটির নিজাম উদ্দিন চৌধুরী তার স্ত্রী ফেরদৌসী বেগম খাবিয়াকে তালাক দেন।

তিনি জানান, তাদের ছয় শতাংশ জমির মধ্যে তিন শতাংশ নিজাম এবং অপর তিন শতাংশ খাবিয়ার নামে রয়েছে। খাবিয়ার নামে থাকা তিন শতাংশ জমি নিয়ে তাদের মধ্যে কলহ বাধে।

“এই কলহের জের ধরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিজাম ধারালো ছুরি দিয়ে খাবিয়ার বুকে ও পিঠে এলোপাথাড়ি কুপিয়ে আহত করেন।

“গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।”

এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।