২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে হত্যা মামলার ২ আসামি আহত অবস্থায় গ্রেপ্তার

যশোর সদর উপজেলায় চা-দোকানি টিপু হত্যা মামলার দুই আসামি সংঘর্ষে আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে পরিবারের দাবি একদিন আগেই তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2017, 03:22 PM

Updated : 12 Apr 2022, 01:00 AM

কোতোয়ালি থানার ওসি আজমল হুদা বলেন, “বৃহস্পতিবার ভোরের দিকে এড়েন্দায় দুই দল সন্ত্রাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে সেখান থেকে দুইজনকে আটক করা হয়।”

আটককৃতরা হলেন - যশোর শহরের ষষ্টিতলাপাড়ার নিত্য ঘোষের ছেলে শিশির ঘোষ ও বেজপাড়ার ফুড গোডাউন এলাকার রবিউল ইসলামের ছেলে রাব্বি ইসলাম শুভ।

তারা গত ২৩ ডিসেম্বর যশোর শহরে গুলিতে নিহত চা দোকানি টিপু সুলতান হত্যা মামলার আসামি।

ওসি আজমল বলেন, “দুই দল সন্ত্রাসীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ দেখে অনেকে পালিয়ে গেলেও জখম অবস্থায় শিশির ও রাব্বি আটক হন। তাদেরকে টিপু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, একটি ম্যাগাজিন, একটি পিস্তল, একটি গুলি ও নয়টি বোমা উদ্ধার করেছে জানিয়ে তিনি বলেন, শিশির ও শুভর বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।

“শিশিরের বিরুদ্ধে হত্যাসহ ১৫টি ও শুভর বিরুদ্ধে হত্যাসহ ১০টি মামলা রয়েছে। গত ২৩ ডিসেম্বর যশোর শহরের টিবি ক্লিনিক মোড়ে তারা প্রতিপক্ষ সোহেলকে গুলি করলে সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে চা দোকানি টিপু মারা যান।”

আহত শিশির ও রাব্বিকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, রাত ৪টার দিকে শিশির ও শুভকে হাসপাতালে আনে পুলিশ।

“তাদের হাতে ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শিশিরের বাঁ হাত, ডান হাঁটু ও বাঁ পায়ের গোড়ালিতে গভীর ক্ষত রয়েছে। শুভর ডান হাত, বাঁ পায়ের গোড়ালি ও ডান পায়েও একই রকম ক্ষত রয়েছে।”

তাদের ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান এই চিকিৎসক।

এদিকে শিশিরের বাবা নিত্য ঘোষ ও শুভর চাচা খবির শিকদার দাবি করেছেন, বাগেরহাটের চিতলমারি উপজেলার খাসিরহাট গ্রামে রয়েছে শুভর আত্মীয় খলিলুর রহমানের বাড়ি। সেখান থেকে মঙ্গলবার গভীর রাতে যশোরের ডিবি পুলিশ এই দুইজনকে আটক করে।

তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল খায়ের মোল্লা বলেন, “তাদের আগে আটকের কথা ঠিক না। আহত হওয়ার পর তাদের উদ্ধার করে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

পুরনো খবর:

যশোরে গুলিতে চা দোকানি নিহত