মারা গেছে ‘রোমিও জুলিয়েটের’ সেই মেয়ে
ফেনী শহরে ‘রোমিও জুলিয়েট’ হিসেবে পরিচিত মানসিক ভারসাম্যহীন এক জুটির সাড়ে সাত মাস বয়সী মেয়েটি মারা গেছে।
স্থানীয় এক সংবাদকর্মী আরিফুর রহমান বলেন, মঙ্গলবার সকালে ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রানি নামের মেয়েটির মৃত্যু হয়।
‘উই ক্যান চেইঞ্জ ইয়ুথ সোসাইটি’ সংগঠনের তত্ত্বাবধানে ফেনী পৌর কবরস্থানে তাকে দাফন করা হয় বলে আরিফুর জানান।
আরিফুর বলেন, ফেনী শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো এক জুটিকে স্থানীয় লোকেরা ‘রোমিও জুলিয়েট’ বলে ডাকে।
“তাদের আসল নাম সিদ্দীক খান ও আমেনা আক্তার। চলতি বছরের ১৫ মে তাদের মেয়ে রানির জন্ম হয়। আদর করে তারা মেয়ের নাম দিয়েছিলেন আনিসা আক্তার রানি।”
দুদিন আগে অসুস্থ অবস্থায় রানিকে হাসপাতালে ভর্তি করান ফেনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম।
আরিফুর রহমান বলেন, রানি মারা গেলে মৃত শিশুকে কোল থেকে নামাতে চাচ্ছিলেন না মা আমেনা। বারবার কেঁদে উঠছিলেন। রানিকে কবর দেওয়ার সময় সিদ্দীক বারবার অনুরোধ করছিলেন তার সন্তাকে যেন দেখে রাখা হয়।
রাস্তার পাশে ভূমিষ্ট হয়েছিল রানি। ওইদিন তাদের দেখতে স্থানীয়রা জটলা করেছিলেন বলে জানান আরিফুর।
আরিফুর রহমান আরও বলেন, “রোমিও-জুলিয়েটের ঘর বলতে শহরের বিভিন্ন দোকানের সামনের অতিরিক্ত ছাউনি। গত দুই বছর ধরে ফেনীতে বসবাস করছেন তারা। ফেনীতে দুজন যখন প্রথম আসেন তাদের সঙ্গে এক মেয়ে-শিশু ছিল। তাদের সেই সন্তানটি বছর দুয়েক আগে চুরি হয়ে যায়।”
অগাস্টের মাঝামাঝি সময়ে সিদ্দীক আরিফুরকে বলেছিলেন, “আগের মেয়েটি চুরি কইরা নিয়া গ্যাছে। এটারে নিতে দিব না। এর নাম রাখব রানি।”
এরপর আর কোনো কথা বলতে রাজি হননি সিদ্দিক। আমেনার সঙ্গে কথা বলতে চাইলে ইশারা করে জানালেন ‘কয়টা টাকা দেন’।
স্থানীয়রা জানান, খেয়ে না খেয়ে তাদের জীবন কাটে, তবু একজন আরেকজনকে ছেড়ে যায় না।
