২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ কারাগারের পোশাক কারখানা উদ্বোধন

কারাবন্দীদের সংশোধন ও পুনর্বাসনের জন্য নারায়ণগঞ্জ কারাগারে নবমির্তি পোশাক কারখানা উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2017, 02:38 PM

Updated : 11 Oct 2022, 02:53 PM

জেলা কারাগারে বুধবার বেলা সাড়ে ১০টায় এটা উদ্বোধন করার সময় মন্ত্রী বলেন, বন্দীরা যাতে ভবিষ্যতে কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

“দেশের সব কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলা হবে। সেজন্য তাদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”

বন্দীদের মানসিক বিকাশের জন্য খেলাধুলাসহ বিনোদনের ব্যবস্থা করা হবে জানিয়ে তিনি বলেন, তারা যাতে নিজেদের স্বজন-বিচ্ছিন্ন মনে না করে সেজন্য মোবাইল ফোনে কথা বলার উদ্যোগ নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ কারাগারের কারখানাটিতে প্রাথমিকভাবে তিন থেকে সাড়ে তিনশ বন্দী কাজ করবেন জানিয়ে তিনি বলেন, যোগ্যতা-দক্ষতা অনুসারে বন্দীরা বিভিন্ন পর্যায়ে কাজ করবেন।

স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর-প্রতীক, সেলিম ওসমান, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মেদ, আইজি (প্রিজন) বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, জেলা প্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, বিকেএমইএর সাবেক  সহ-সভাপতি মোহাম্মদ হাতেমসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে ছিলেন।

সংসদ সদস্য বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান বলেন, কারাগার কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করলে এবং বিদেশি ক্রেতাদের কারাগারে ঢোকার সুযোগ দিলে এখান থেকে উৎপাদিত পোশাক বিদেশে রপ্তানি করে বছরে ১০-১৫ লাখ ডলার আয় করা সম্ভব।

এজন্য বিকেএমইএর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আইজি ইফতেখার বলেন, দীর্ঘমেয়াদি বন্দীদের প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষক হিসেবে ইউনিট চালানোর দায়িত্ব দেওয়া হবে। আর স্বল্পমেয়াদি বন্দীদেরও প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো হবে। তাদের জন্যও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষ উদ্বোধন করে সেখানে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন।  সেখান থেকে গিয়ে তিনি ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নতুন একটি ইউনিট উদ্বোধন করেন।