পাবনায় স্কুলছাত্রকে হত্যা করে ভ্যান ছিনতাই
পাবনার সাঁথিয়ায় এক স্কুলছাত্রের লাশ পাওয়া গেছে, স্কুলের পর যে ভ্যান চালাত।
সোমবার উপজেলার দরিজগনাথপুর শ্মশানঘাটের জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে সাঁথিয়া থানার ওসি হাসান ইনাম জানান।
নিহত রনি (১৩) উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহস্পতিপুর গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে। আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল সে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন আতাইকুলা থানার তৈলকপি গ্রামের আবুল হোসেনের ছেলে আসাদুল (৩৫) ও আশরাফুল (৩০)।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ভ্যান চালাতে বের হয়ে আর বাড়ি ফেরেনি রনি। পরে তার পরিবার বিষয়টি পুলিশকে জানায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুলিশ জানতে পারে সাঁথিয়ার অর্জুন নামে এক মেকার একটি ভ্যান কিনেছেন। তার কাছ থেকে ওই বিক্রেতার ছবি পায় পুলিশ।
পরে ছবি দেখে আসাদুল ও আশরাফুলকে আটক করে পুলিশ। তাদের দেওয়া তথ্যে রনির লাশ পাওয়া যায় বলে জানান ওসি।
লাশ পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি মামলা হয়েছে।
