২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে দিনমজুরকে ‘বাড়ি থেকে ডেকে নিয়ে’ হত্যা

ঢাকার কেরানীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক দিনমজুরকে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2017, 05:33 PM

Updated : 19 Aug 2022, 06:14 PM

উপজেলার জিনজিরা ইউনিয়নের বন্দ ডাকপাড়া এলাকায় সোমবার ভোরে এ ঘটনা ঘটে বলে কেরানীগঞ্জ মডেল থানার এএসআই রুমা জানান।

নিহত মো. সুভেল হাওলাদার (২৫) মাদারীপুর জেলার রাজৈর উপজেলার দুর্গাবদ্দী এলাকার মো. রব হাওলাদারের ছেলে। কেরানীগঞ্জের বন্দ ডাকাপাড়া জোড়া পুকুরপাড় এলাকার একটি ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

নিহতের বড় ভাই মো.রুবেল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ছোট ভাই একজন দিনমজুর। সে মাঝে মাঝে রিকশা ও ভ্যানগাড়ি চালাত। 

“রোববার শেষ রাতের দিকে সুভেলের মোবাইল ফোনে একটি কল আসলে ফজরের আযানের একটু আগে কাজ আছে বলে সে বাসা থেকে বের হয়ে যায়।”

ভোরে তাদের বাড়ি সংলগ্ন একটি গলিতে সুভেলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে বলে তিনি জানান।

রুবেল বলেন, সুভেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়।

“সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, “নিহতের দুই পায়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. রুবেল হাওলাদার অজ্ঞাতদের আসামি করে সোমবার দুপুরে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা রয়েছে জানিয়ে ওসি বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।