২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলফাডাঙ্গায় নির্বাচন: আ. লীগের ৫ বিদ্রোহী বহিষ্কার

দলের মনোনয়নের বিরুদ্ধে গিয়ে প্রার্থী হওয়ায় ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা ও কয়েকটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচ প্রার্থীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2017, 06:21 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

বৃহস্পতিবার দলের আলফাডাঙ্গা উপজেলা কমিটির নীতি নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকিবুল হাসান পুটু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম আহাদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান, সদস্য আব্দুল ওয়াহাব পান্নু এবং দলের বুড়াইচ ইউনিয়ন কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম আকরাম হোসেন বলেন, মকিবুল হাসান পুটু মিয়া আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলের মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে নৌকা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

“আহাদুল ইসলাম আহাদ আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার টিকিট চেয়েছিলেন। না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।”

আকরাম আরও জানান, সাইফুল ইসলাম খান গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন চেয়ে না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

এছাড়া উপজেলা কমিটির সদস্য আব্দুল ওয়াহাব পান্নু এবং বুড়াইচ ইউনিয়ন সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ইউপি নির্বাচনে দলের মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে এ দুজন স্বতন্ত্র প্রার্থী হন বলে আকরাম জানান।

আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রার্থী মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সিদ্ধান্ত যারা মানেননি আমরা তাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কারের সুপারিশ করেছি।”

এ বিষয়ে দলের উপজেলা কমিটির সিদ্ধান্তের বিষয়টি জেলা কমিটিকে লিখিতভাবে জানানো হয়েছে। সেখানে তিনিসহ দলের উপজেলা সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়াও সাক্ষর করেছেন বলে তিনি জানান।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই স্থানীয় আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে ওই সিদ্ধান্ত নিয়েছে।