বুড়িমারীতে ‘বিএসএফের নির্যাতনে’ যুবকের মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের কাছ থেকে বুধবার ভোরে তাকে উদ্ধার করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রশিদুল পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর এলাকার তসলিম উদ্দিনের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রাখাল ও রাশেদুলের স্বজনেরা জানান, ভোরে রশিদুলসহ কয়েকজন রাখাল গরু আনতে বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের কাছে যায়।
তাদের অভিযোগ, এ সময় ভারতীয় ৬১ বিএসএফের টহলরত সদস্যরা তাদের ধাওয়া করে। সবাই পালিয়ে এলেও রশিদুলকে আটক করে বেধম মারধর করে বিএসএফ।
পরে রাশেদুলের সঙ্গীরা গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করেন। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তারা।
পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মানিক হোসেন বলেন, রশিদুলের শরীরের বিভিন্ন স্থানে লাঠি, বুট ও বন্ধুক দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে।
তাকে নির্মমভাবে নির্যাতন করে বিএসএফ বাংলাদেশে ফেলে রেখেছিল বলে অভিযোগ করেন তিনি।
পাটগ্রাম থানার ওসি অবনি শঙ্কর রশিদুলের বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জোংড়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী জানান।
ওসি অবনি শঙ্কর বলেন, রশিদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী শেফালী বেগম বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে রংপুর-৬১ বিজিবির পরিচালক মেজর মুনিরুজ্জামান বলেন, বিএসএফে নির্যাতনে রাশেদুলের মৃত্যু হয়েছে বলে তারা শুনেছেন। এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদ পত্র দিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
