২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে কোনো ভুল-ত্রুটি মেনে নেওয়া হবে না: ইসি সচিব

নির্বাচনে কোনো ধরনের ভুল-ত্রুটি মেনে নেওয়া হবে না বলে হুশিয়ারী দিয়েছেন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 06:57 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

পুরনো খবর:

২৮ ডিসেম্বর ১৩৩ পৌর, ইউপি, উপজেলায় ভোট

মঙ্গলবার ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। উপজেলা মিলনায়তনে এ সভায় হেলালুদ্দীন প্রার্থীদের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সহযোগিতাও চান।

আগামী ২৮ ডিসেম্বর দেশের ১৩৩টি পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সাধারণ ও উপ-নির্বাচনে ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

ওই দিন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা ও আলফাডাঙ্গা, বুড়াইচ ও গোপালপুর ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।

হেলালুদ্দীন বলেন, “যদি কোনো প্রার্থী কেন্দ্রে গণ্ডগোল করে, তবে ওই ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য একবার নয় প্রয়োজনে দশবার নির্বাচন দেবো। যদি শুনি বাক্সে আগের রাতে ব্যালট পেপার ঢুকিয়ে রাখা হয়েছে, তাহলে ব্যবস্থা নেবো।

“প্রিজাইডিং অফিসার ঘোষণা দেওয়ার পরও কিন্তু আমাদের ক্ষমতা আছে, প্রয়োজনে আবার নির্বাচন করাব। নির্বাচনে কোনো ধরনের সামান্য ভুল-ত্রুটি মেনে নেওয়া হবে না”

এ সময় ইসি সচিব সুষ্ঠু নির্বাচনের জন্য প্রার্থীদের সহযোগিতা কামনা  করেন।

তিনি বলেন, “আলফাডাঙ্গা নতুন পৌরসভা। শুরুতেই যেন কোনো কালিমা না পরে। আপনারা আচরণ বিধি মেনে চলবেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করবেন।

“আমি সরকারের সচিব হিসেবে এই পৌরসভার উন্নয়নের জন্য কাজ করতে চেষ্টা করব।”

সভার শুরুতে পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা তাদের বক্তব্য তুলে ধরেন।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায়ের সভাপতিত্বে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এরাদুল হক, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. জামাল পাশা, ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার, র‌্যাব-৮ কোম্পানি অধিনায়ক মো. রইছউদ্দিন, আলফাডাঙ্গা নির্বাচন কর্মকর্তা মমতাজ আল শিবলী, আলফাডাঙ্গা থানার ওসি নাজমুল করিমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বক্তব্য রাখেন।