গাজীপুরে তিন বাহনের সংঘর্ষে অগ্নিকাণ্ড
গাজীপুরে বাস, প্রাইভেটকার ও কভার্ডভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নাওজোর মহাসড়ক ফাঁড়ির পরিদর্শক আব্দুল হাই জানান, সোমবার বেলা আড়াইটার দিকে সিটি কর্পোরেশনের মাস্টারবাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনার পর তিনটি বাহনে আগুন ধরে যায়।
তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
পরিদর্শক আব্দুল হাই বলেন, ময়মনসিংহ থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল।
“পথে চালক নিয়ন্ত্রণ হারালে সামনে থাকা একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সুতাবোঝাই একটি কভার্ডভ্যানক ধাক্কা দিলে প্রাইভেটকারে আগুন ধরে যায়।
“পরে এ আগুন বাস ও কভার্ডভ্যানেও ছড়িয়ে পড়ে। ”
তিনি বলেন, খবর পেয়ে মহাসড়ক পুলিশ ও জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কে গাড়ি চলাচল বিঘ্নিত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, প্রাইভেট কারটি সামনে থাকা কভার্ডভ্যানের নিচে ঢুকে দুড়ড়ে-মুচড়ে যায়। এ সময় কারে আগুন ধরে গেলে তা বাকি দুই বাহনেও ছড়িয়ে পড়ে।
আগুনে প্রাইভেটকারের সম্পূর্ণ, বাসের আংশিক ও কভার্ডভ্যানে থাকা সুতা পুড়ে গেছে।”
