লালমনিরহাটে বিএনপি নেতার আ. লীগে যোগদান
লালমনিরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজুর রহমান নান্নু আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
জেলা আওয়ামী লীগ অফিসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের হাতে ফুলের তোড়া দিয়ে রোববার বিকেলে তিনি যোগ দেন।
এ সময় তার সঙ্গে তার অনুসারীরা ছিলেন।
নান্নু দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
আওয়ামী লীগে যোগ দেওয়া সম্পর্কে তিনি বলেন, “আমি একজন বীর মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। আমার সঙ্গে রয়েছেন দুর্গাপুর ইউনিয়নের পাঁচ শতাধিক নেতাকর্মী।”
এ বিষয়ে জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, “নান্নু আমাদের জেলা কমিটির কেউ নন। তিনি আগের কমিটির সহ-সভাপতি ছিলেন। তবে তার সঙ্গে বিএনপির উল্লেখযোগ্য কেউ নেই।”
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, জেলা মহিলা লীগের সভাপতি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সফুরা বেগম রুমীসহ অন্য নেকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
