রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন বিদেশি কূটনীতিকরা
সহিংসতার মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশের অনাবাসিক ১৫ কূটনীতিক।
রোববার কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন এ কথা জানান।
তিনি বলেন, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর নেতৃত্বে ১৫ কূটনীতিকসহ ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল দুপুর ২টায় উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায়।
“প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে কুতুপালং নিবন্ধিত ক্যাম্প সংশ্লিষ্ট কমকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্য সেবায় নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করেন।”
এছাড়াও প্রতিনিধি দল বাংলাদেশের চার সদস্য ছিলেন।
বাংলাদেশে দূতাবাস না থাকা দেশগুলোর ১৫ কূটনীতিকরা শনিবার ঢাকায় বিজয় দিবসের অনুষ্ঠানেও অংশ নেন।
জেলা প্রশাসক আরও বলেন, বেলা ১১টার দিকে প্রতিনিধি দলটি বিমানে কক্সবাজার পৌঁছান। পরে প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক করেন।
“বৈঠকে রোহিঙ্গা সংশ্লিষ্ট নানা বিষয়ে কূটনৈতিকদের কাছে প্রাথমিক তথ্য উপস্থাপন করা হয়।”
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকাল সাড়ে ৪টার পর ঢাকায় রওনা করেন বলে জানান আলী হোসেন।
