সিরাজগঞ্জে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাস চাপায় কলেজ ছাত্রীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন নিহত মোটরসাইকেল চালকের স্ত্রী।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, রোববার বিকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়ার মানিক (৩০) এবং তার শ্যালিকা সিরাজগঞ্জ সদরের জগতগাতি গ্রামের বাসিন্দা ও ঢাকার ইডেন কলেজের শিক্ষার্থী স্বর্ণা খাতুন।
আহত তানিয়া খাতুনকে (২৪) সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি দাউদ জানান, তিন আরোহী একটি মোটরসাইকেলে করে কড্ডা মোড় থেকে যাচ্ছিলেন। বিকাল সোয়া ৩টার দিকে ওভার ব্রিজের কাছে পৌঁছলে একই দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
“এতে ঘটনাস্থলেই মানিক ও তার শ্যালিকা স্বর্ণা নিহত হন।”
গুরুতর আহত অবস্থায় মানিকের স্ত্রী তানিয়াকে পুলিশ উদ্ধার সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে। দুজনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
