২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে পিটুনিতে গরু ব্যবসায়ী নিহত

ঢাকার ধামরাই উপজেলায় গরু ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে কয়েকজনের পিটুনিতে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2017, 11:13 PM

Updated : 19 Aug 2022, 06:07 PM

ধামরাই থানার ওসি রিজাউল হক জানান, বৃহস্পতিবার কালাম গরু-ছাগলের হাটে এ ঘটনা ঘটে।

নিহত গরু আবুল কালাম (২৭) ধামরাইয়ের বাটুলিয়া গ্রামের আব্দুল মুন্নাফ আলীর ছেলে।

নিহতের ছোট ভাই জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, তার ভাই আবুল কালামসহ তিনি কালামপুর গরু ছাগলের হাটে গরু ক্রয় করতে যান। একটি গরুর দর কষাকষি করার সময় অপর তিন গরু ব্যবসায়ীর সঙ্গে তার ভাইয়ের কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়।

“এক পর্যায়ে ওই তিন ব্যবসায়ী মিলে আবুল কালামকে মারধর করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

জসিম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য তিন গরু ব্যবসায়ীকে আটক করেছে। দুটি ট্রাকসহ ১৫টি গরু জব্দও করা হয়েছে।

ধামরাই থানার ওসি রিজাউল হক বলেন, “নিহত ব্যক্তি রুগ্ন ছিল। গরু কেনা-বেচা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে হাতের কনুই দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।”

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন গরু ব্যবসায়ীকে থানায় আনা হয়েছে বলে জানান তিনি।