সাতক্ষীরায় ‘যৌতুক না পেয়ে’ স্ত্রীকে হত্যা
সাতক্ষীরার তালা উপজেলায় যৌতুক না পেয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
তালা থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার তেরছি কাটীপাড়া গ্রাম থেকে ওই নারীর লাশ তারা উদ্ধার করেন।
নিহত লক্ষ্মীরানী দাশ (৩৬) ওই এলাকার বিপুল দাশের স্ত্রী।
এ ঘটনায় লক্ষ্মীর শাশুড়ি ঝরনা দাস ও ভাশুরের স্ত্রী জোছনা দাসকে আটক করা হলেও ঘটনার পর বিপুল পালিয়ে গেছে বলে ওসি জানান।
তিনি বলেন, বাপের বাড়ি থেকে যৌতুক এনে দিতে অস্বীকৃতি জানালে বুধবার রাত ১০টার দিকে বিপুল তার স্ত্রীকে হত্যা করে। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
“নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে; তাকে শারীরিক নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
