নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর লাশ উদ্ধার
নওগাঁ শহরে নিজ বাড়ি থেকে সাবেক এক উপজেলা পরিষদ চেয়ারম্যানের স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মিনি চৌধুরী (৬৫) রানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর আলম বাচ্চু চৌধুরীর স্ত্রী।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পোস্টঅফিস পাড়া মহল্লার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে নওগাঁ সদর মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান।
তিনি বলেন, স্বামী মারা যাবার পর মিনি ওই বাড়িতে একাই থাকতেন। সকালে কয়েকজন প্রতিবেশী বাড়ির দোতলায় গেলে সেখানে মিনির গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
“লাশের পাশে একটি রক্তমাখা ছুরি ও অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তির এক জোড়া জুতা পাওয়া গেছে।”
ওসি বলেন, “ওই বাড়িতে কয়েকদিন ধরে কয়েকজন রাজমিস্ত্রি ও এক গৃহপরিচারিকা কাজ করছিলেন। ঘটনার পর তাদের কাউকে পাওয়া যায়নি।
“পূর্ব কোনো বিরোধে জেরে এ হত্যাকাণ্ড না ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
