২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই ভোমরায় কাস্টম হাউজ হবে: এনবিআর চেয়ারম্যান

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শিগগিরই কাস্টম হাউজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2017, 07:57 PM

Updated : 11 Oct 2022, 02:48 PM

মঙ্গলবার বিকালে ভোমরা বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন মিলনায়তনে সকল পর্যায়ের অংশীজনদের সঙ্গে এক মত বিনিময়ে এ কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ভোমরা বন্দরের সুপ্ত সম্ভাবনাকে উন্মুক্ত করে দিতে হবে। এজন্য এখানে অচিরেই কাস্টমস হাউজ নির্মিত হবে এবং এটি পুর্ণাঙ্গ বন্দরে উন্নীত হবে।

“ভোমরা বন্দরের রাজস্ব আয় সরকারকে উৎসাহিত করেছে। এ জন্য বাংলাদেশ ও ভারত বহুমাত্রিক পরিকল্পনার মধ্য দিয়ে এই বন্দরকে এগিয়ে নিয়ে যাবে।”

বন্দরের রাজস্ব সুরক্ষা বড় চ্যালেঞ্জ মন্তব্য করে তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার সব ধরনের প্রকল্প গ্রহণ করবে।

খুলনা ভ্যাট কমিশনার এর কমিশনার কে এম ওহিদুল আলমের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার জুয়েল আহমেদ, সহকারী কমিশনার বোরহান আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ড সদস্য লুৎফর রহমান ও খন্দকার আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, ৩৮ বিজিবি ব্যাটেলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান, ভারতীয় কাস্টমস প্রতিনিধি সহকারী কমিশনার পিকে জিনহা, সিএ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, সাতক্ষীরা শিল্প ও বণিক সমিতির সভাপতি নাসিম ফারুক খান মিঠু প্রমুখ।

পরে রাজস্ব বোর্ড চেয়ারম্যান ভোমরা বন্দরের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন।