গোপালগঞ্জে অপহৃত শিশু উদ্ধার
মুন্সিগঞ্জ থেকে অপহরণের একদিন পর তিন বছর বয়সী এক শিশুকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।
সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম জানান, উপজেলার কলিগ্রামের মন্মথ বৈরাগীর বাড়ি থেকে শনিবার ভোরে শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধার আনাস বিন মাহিম মুন্সিগঞ্জের মধ্যম মহাখালী গ্রামের মহিউদ্দিন হাওলাদারের ছেলে।শুক্রবার দুপুরে তাকে বাড়ি থেকে অপহরণ করা হয়।
মাহিমের বাবা মহিউদ্দিন হাওলাদার বলেন, “মুকসুদপুরের ননীক্ষীর ইউনিয়নের বনগ্রামের জগদীশ বিশ্বাসের ছেলে জয়ন্ত বিশ্বাস (৩০) তার বাড়িতে কাঠ মিস্ত্রীর কাজ করতো। শুক্রবার দুপুরে সে কৌঁশলে মাহিমকে বাড়ি থেকে ‘অপহরণ’ করে নিয়ে যায়।”
বিষয়টি থানায় জানানো হলে সিন্ধিয়াঘাট পুলিশ মাহিমকে উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করে বলে জানান তিনি।
এসআই আব্দুস সালাম বলেন, “জয়ন্ত শিশুটিকে অপহরণ করে তার খালু মন্মথ বৈরাগীর বাড়িতে নিয়ে যায়। মুন্সিগঞ্জ থানা থেকে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।”
এতে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় অপহরণের একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
