গৌরীপুরে বোমা হামলার ঘটনায় মামলা
ময়মনসিংহের গৌরীপুর ‘যুবলীগের কোন্দলকে’ ঘিরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনসহ কয়েকটি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে।
গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মেদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নৈশপ্রহরী রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
ওসি বলেন, “পেট্রোল বোমা হামলার রহস্য উম্মোচনে পুলিশ তদন্ত শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা অব্যাহত থাকবে।”
“উপজেলা যুবলীগের সম্মেলন ঘিরে একটি পক্ষ এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ বোমা নিক্ষেপকারীদের শনাক্ত করার চেষ্টা করছে।”
পুলিশ জানায়, ইউএনওর বাসভবন ছাড়াও উত্তরবাজার, সিনেমা হল মোড়, বালুয়াপাড়া মোড়, মধ্যমতরফ মোড়ে কে বা কারা পেট্টোল বোমার বিস্ফোরণ ঘটায়।
পেট্টোল বোমা বিস্ফোরণে বাসভবনের জানালার কাচ ভেঙে গেছে বলে জানিয়েছেন ইউএনও মর্জিনা আক্তার।
ইউএনওর বাসার গৃহকর্মী জোহরা খাতুন বলেন, “সকাল সোয়া ১০টার দিকে বাসার পেছনের দিক থেকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। এরপর আগুন ধরে যায়।”
