সাভারে এসআই তাহমিনার ‘আত্মহত্যায়’ স্বামী গ্রেপ্তার
সাভার মডেল থানার এসআই তাহমিনা বেগমের ‘আত্মহত্যা’র পাঁচ দিন পর তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানার ওসি মহসিনুল কাদির জানান, বৃহস্পতিবার সকালে সাভার মডেল থানার কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক মোবারক হোসেনের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকায়। তিনি একটি আবাসন প্রতিষ্ঠানে কাজ করেন বলে পুলিশ জানিয়েছে।
গত ২৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ওই কোয়ার্টার থেকে এসআই তাহমিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি মহসিনুল কাদির বলেন, পারিবারিক কলহের জেরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বুধবার রাতে থানায় মামলা করেছেন নিহত তাহমিনার বাবা আব্দুস সালাম।
“ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ অথবা স্বামীর পরকীয়ার কারণে তাহমিনা আত্মহত্যা করে থাকতে পারেন। মোবারককে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা জানা যেতে পারে।”
তাহমিনা ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আব্দুস সালামের মেয়ে।
তার মৃত্যুর ঘটনা তদন্তে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সাইদুর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম ও সাভার মডেল থানার পরির্দশক (তদন্ত) শওগাতুল আলম।
