২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের কর্মবিরতিতে অচল সরকারি কলেজগুলো

শিক্ষকদের কর্মবিরতিতে দুইদিন ধরে অচল দেশের সরকারি কলেজগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 03:23 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

কর্মবিরতির দ্বিতীয়দিন সোমবারও কলেজগুলোতে কোনো ক্লাস হয়নি।

জাতীয়করণের জন্য ঘোষিত কলেজ শিক্ষকদের ক্যাডার বহির্ভুত রেখে বিধিমালা জারির দাবিতে রোববার থেকে দুই দিনের এ কর্মবিরতি শুরু করেন সরকারি কলেজের শিক্ষকরা। ‘বিসিএস ছাড়া ক্যাডার সার্ভিস নয়’ এই শ্লোগান নিয়ে ছাত্র-ছাত্রীদের পাঠদান থেকে শুরু করে সকল প্রকার কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রেখেছেন তারা।

দেশের সরকারি কলেজগুলোর ন্যায় চাঁদপুর সরকারি কলেজ ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের শতাধিক শিক্ষকও কর্মবিরতি পালন করা সোমবার কলেজ দুটির একাদশ, দ্বাদশ, ডিগ্রি, অনার্স ও মাস্টার্সে কোনো ক্লাস হয়নি। গোপালগঞ্জের ছয়টি সরকারি কলেজেও অচলাবস্থা বিরাজ করছে।

শিক্ষকদের কর্মবিরতিতে ক্লাস হয়নি গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ, সাতপাড়া সরকারি নজরুল কলেজ, রামদিয়া সরকারি এস কে কলেজ, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ কলেজ ও টুঙ্গিপাড়া শেখ মুজিব সরকারি কলেজে।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় নেতা সরকারি বঙ্গবন্ধু কলেজের অর্থনীতি বিভাগের প্রধান মো. হাবিবুর রহমান বলেন, “আমাদের একটাই দাবি বিসিএস ছাড়া বিসিএস ক্যাডার নয়। তাই মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনা অনুসারে জাতীয়করণের জন্য ঘোষিত কলেজ শিক্ষকদের ক্যাডার বহির্ভুত রেখে বিধিমালা জারি করতে হবে।

“তারপরই বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এ কর্মসূচি থেকে সরে দাঁড়াবে।”

শিক্ষকদের এই কর্মসূচির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববার-সোমবারের সব পরীক্ষা স্থগিত করে।

দেশের যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণের ঘোষণা দিয়েছে সরকার। এর মাধ্যমে সারা দেশে ৩২৫টি বেসরকারি স্কুল ও ৩১৫টি বেসরকারি কলেজ জাতীয়করণ হচ্ছে।

এর আগে যেসব বেসরকারি কলেজকে সরকারিকরণ করা হয়েছে, সেগুলোর শিক্ষকদের ক্যাডারভুক্ত করা হয়েছে। আর এই সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছেন বিসিএস শিক্ষকরা।

নতুন করে সরকারিকরণ করা কলেজগুলোর শিক্ষকদের কী মর্যাদা দেওয়া হবে তা এখনও চূড়ান্ত করেনি সরকার। বিসিএস শিক্ষকরা ওইসব শিক্ষকদের আত্তীকরণ নিয়ে সুস্পষ্ট বিধিমালা প্রণয়নের দাবি জানিয়ে আসছেন।

সাধারণ শিক্ষা ক্যাডারের ১৫ হাজারের বেশি শিক্ষক বিভিন্ন সরকারি কলেজে কর্মরত রয়েছেন।

নতুন করে জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের বিসিএস ক্যাডার পদমর্যাদা না দেওয়ার দাবিতে গত শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে দুই দিনের কর্মবিরতির ডাক দেয় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

জাতীয়করণ হওয়া বেসরকারি কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্ত করা হলে আগামী ৬, ৭ ও ৮ জানুয়ারি আবারও কর্মবিরতি পালনের ঘোষণা রয়েছে তাদের।