টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ‘অপহরণ’
টাঙ্গাইরের মির্জাপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে উঠেছে স্থানীয় যুবকের বিরুদ্ধে।
গত রোববারের এ ঘটনায় ‘মামলা করায়’ মেয়েটির স্বজনদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ পরিবারের।
মঙ্গলবার মেয়েটির বাবা টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মেয়েটির বাবা লিখিত বক্তব্যে বলেন, তার মেয়ে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া আসার পথে তার মেয়েকে মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের আকতার হোসেনের ছেলে কাওসার আহমেদ জিএম প্রায়ই বিরক্ত করত এবং নানা রকম কুপ্রস্তাব দিত।
দেওভাগ গ্রাম বাড়ি হলেও কাওসার মির্জাপুরে একটি ভাড়া বাসায় থাকেন বলে সংবাদ সম্মেলনে বলা হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মেয়ে পাশে তার চাচার বাড়ি যাচ্ছিলেন। তখনই কাওসার এবং তার সহযোগীরা অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায়।
ওই সময় মেয়েটির আর্তচিৎকারে এলাকার লোকজন ছুটে গেলেও তাকে উদ্ধর করতে পারেনি বলে তার বাবা বলেন।
তিনি জানান, এই ঘটনায় তিনি নিজে বাদী হয়ে ওইদিনই মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
তিনি অভিযোগ করেন, মামলা তুলে নিতে কাওসার ও তার সহযোগীরা অজ্ঞাত স্থান থেকে তাদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছেন।
মামলা তুলে না নিলে তার ছোট মেয়েকেও তুলে নেওয়ার হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।
এদিকে অপহরণের পর দুইদিন পার হলেও মেয়েটিকে উদ্ধার কিংবা আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি এ কে এম মিজানুল হক বলেন, এই মামলার ব্যাপারে পুলিশের কোনো গাফিলতি নেই। ১৯ তারিখে মৌখিক অভিযোগের ভিত্তিতেই একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। ২০ তারিখ লিখিত অভিযোগের পর মোবাইল ট্র্যাকিং করে পুনরায় অভিযান চালানো হয়।
মেয়েটিকে উদ্ধারে পুলিশের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে, বলেন তিনি।
