যশোরে ১৬ পুলিশের বিরুদ্ধে গুমের মামলা প্রত্যাহার
অপহরণের পর দুই তরুণকে গুমের অভিযোগে যশোর কোতোয়ালি থানার ১৬ পুলিশের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করেছেন বাদী।
জেলা শহরের শংকরপুরের হিরা খাতুন মঙ্গলবার যশোর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহিনুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেছিলেন।
বুধবার একই আদালতে আইনজীবীর মাধ্যমে তিনি মামলাটি প্রত্যাহারের আবেদন করেন।
হিরার আইনজীবী অজিত কুমার দাস বলেন, আবেদন গ্রহণ করে আদালত মামলা প্রত্যাহারে আদেশ দিয়েছেন।
অজিত বলেন, সকালে হিরা খাতুন তার কাছে গিয়ে মামলা প্রত্যাহারের আবেদন করতে বলেন। তিনি (হিরা) বলেন ভুল বুঝে মামলা করা হয়েছে তাই প্রত্যাহার করতে চান। এরপর আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করা হয়।
এ ব্যাপারে হিরা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছেলেকে আটক করার পর থানায় গিয়ে কোনো সমাধান না হওয়ায় মামলা করেছিলেন। পরে ভুল বুঝতে পেরে মামলা প্রত্যাহার করেন।
কোনো ধরনের চাপে এ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কি না জিজ্ঞেস করা হলে তিনি সেরকম কিছু নয় বলে উত্তর দেন।
হিরার মামলায় অভিযোগ করা হয়, গত ৫ এপ্রিল সকালে তার ছেলে সাইদ (১৮) ও ছেলের বন্ধু শাওন শহরের পৌর পার্কে বেড়াতে গেলে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।
পরে তিনি থানার সামনে গিয়ে সন্ধ্যা পর্যন্ত বসে থাকলেও থানায় ঢুকতে দেওয়া হয়নি। সন্ধ্যায় পুলিশ তাকে ডেকে দুই লাখ টাকা দাবি করে বলে মামলায় অভিযোগ করেন।
এরপর গত ৩০ মে ছেলের খোঁজ চেয়ে তিনি যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বলেও উল্লেখ করেন মামলায়।
তিনি মামলায় তার ছেলে ও ছেলের বন্ধুকে পরিকল্পিতভাবে অপহরণ ও তাদের হত্যা করে লাশ গুম করার আশঙ্কার কথা বলেন।
মামলাটি প্রত্যাহরের ব্যাপারে যশোর জজ আদালতের আইনজীবী নুরুজ্জামান কাশেম বলেন, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে মামলাটি তদন্ত করার নির্দেশনা দিয়েছিল আদালত।
এ পরিস্থিতিতে মামলা ‘প্রত্যাহার সম্ভব নয়’ বলে মনে করেন এ আইনজীবী।
নুরুজ্জামান বলেন, “দণ্ডবিধির ৩৬৪ ধারার মামলা বিচারের এখতিয়ার জেলা দায়রা জজের। সেখানে একজন ম্যাজিস্ট্রেট মামলাটির নিস্পত্তি করতে পারেন না।”
যশোর আ্ইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম বাচ্চু বলেন, “যেহেতু মামলাটির আসামিরা সকলেই প্রভাবশালী এবং মাত্র এক দিনের ব্যবধানে মামলাটি প্রত্যাহার হয়েছে, সেহেতু প্রশ্ন থেকেই যায়। কীভাবে এবং কেন এত দ্রুত মামলাটি প্রত্যাহার করা হলো!”
