‘ভারতে পাচারকালে’ বেনাপোলে টাকা আটক
যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে পাঁচ ও দুই টাকার ৩০ হাজার নোট উদ্ধার করেছে বিজিবি, যেগুলো ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চেকপোস্টের শূন্যরেখায় পড়ে থাকা একটি ব্যাগে টাকাগুলো পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ব্যাগে ২৪ হাজার পাঁচ টাকার নোট (এক লাখ ২০ হাজার টাকা) ও ছয় হাজার দুই টাকার নোট (১২ হাজার টাকা) পাওয়া গেছে।
“ব্যাগটি পাসপোর্ট যাত্রীর হতে পারে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।”
টাকাগুলো বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এসব নোট ভারতে হেরোইনজাতীয় মাদকসেবনের কাজে ব্যবহৃত হয়। দুই টাকার নোটগুলো সাধারণত চার-পাঁচ টাকায়, আর পাঁচ টাকার নোটগুলো সাত-আট টাকায় বিক্রি হয়। একটি নোট মুড়িয়ে নল বানিয়ে এর সাহায্যে নিশ্বাসে টেনে নেওয়া হয় হেরোইনজাতীয় মাদক। আবার কোনো কোনো মাদন একটি নোটের ওপর রেখে হালকা তাপ দিয়ে গরম করা হয়। ভারতীয় রুপি দিয়ে এটা করা যায় না।
