টঙ্গীতে এক ব্যক্তির লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীর একটি তালাবদ্ধ ঘর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
টঙ্গী থানার এসআই সিদ্দিকুর রহমান জানান, দেওড়া এলাকা থেকে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ার হোসেন (৪২) টাঙ্গাইলের পাকুল্যা এলাকার নয়ন মল্লিকের ছেলে। গত বুধবার ওই এলাকার ফজিলত বেগমের বাড়িতে ভাড়া ওঠেন তিনি।
এসআই সিদ্দিকুর বলেন, “ফজিলত বেগম সকালে দেলোয়ারকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দোলোয়ারের দরজায় ধাক্কা দিলে তা কিছুটা ফাঁকা হয়ে যায়। পরে ঘরের বিছানার উপর দেলোয়ারের লাশ পড়ে থাকতে দেখেন তিনি।”
পরে তিনি থানায় এসে দিলে পুলিশ দিকে ওই কক্ষের তালা ভেঙ্গে দেলোয়ার হোসেনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।
তিনি বলেন, “নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ওই কক্ষে রেখে বাইরে থেকে তালা বন্ধ করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।”
টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার বলেন, “নিহতের ঘরে ইয়াবাসহ বিভিন্ন মাদক সামগ্রী পাওয়া গেছে।”
মাদক নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
