২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাসিক এলাকায় অনুমতি ছাড়াই ব্যাটারি কারখানা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিনা অনুমতিতে প্রতিষ্ঠিত এক চীনা ব্যাটারি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 12:59 PM

Updated : 11 Oct 2022, 02:43 PM

উপজেলার পূর্বখণ্ড এলাকায় গেলি নামের এই কারখানাটির বিরুদ্ধে দুই দিন আগে দুই শ্রমিককে চোর সন্দেহে বেঁধে নির্যাতনের অভিযোগও উঠেছিল।

গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুস সালাম বলেন, “দুই বছর আগে কোনো অনুমতি ছাড়াই কারখানাটি গড়ে তোলা হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই তাদের। অন্য কোনো অনুমতিও নেই।”

সম্প্রতি গেলিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের অবিলম্বে বায়োট্রিটমেন্ট প্লান্ট ও বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিনা অনুমতিতে আবাসিক এলাকায় কিভাবে ব্যাটারি কারখানা গড়া হল এ বিষয়ে তিনি বলেন, তিনি সম্প্রতি বদলি হয়ে গাজীপুরে এসেছেন। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেবেন।

কারখানার আশপাশে ঘুরে দেখা গেছে, উন্মুক্ত নালা দিয়ে বিষাক্ত তরল বর্জ্য আশপাশে ছড়িয়ে পড়ছে, কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্তূপ করে ফেলে রাখা হয়েছে কারখানার নানা ধরনের বর্জ্য।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি।

আবাসিক এলাকায় ব্যাটারি কারখানার বিরোধিতা করে স্থানীয়রা এটি বন্ধের জন্য পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে আবেদন করলেও কোনো ফল পাননি বলে অভিযোগ করেছেন।

ওই এলাকার ৬৫ বছর বয়সী বাসিন্দা আব্দুল করিম দাবি করেন, কারখানার আশপাশের ঘাস পর্যন্ত বিষাক্ত হয়ে গেছে। স্থানীয় নজরুল ইসলাম ও মুজিবুর রহমানের গরু মারা যাওয়ার পর থেকে এ এলাকায় এখন আর গরু-ছাগল আনে না লোকেরা।

“প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।”

কেওয়া পূর্বখণ্ড বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার রুমা বলেন, “কারখানা থেকে প্রতিয়িনত সিসাজাতীয় পদার্থ গলানোর গন্ধ আসে। স্কুলে থাকাই দায় হয়ে পড়েছে। শিশুশিক্ষার্থীরা শ্বাসকষ্টে ভুগছে। এ থেকে সবারই ফুসফুসের ক্যান্সার, চর্মরোগ ও চোখে ছানিপড়া রোগসহ মারাত্মক রোগ হতে পারে।

“কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন কেন তা আমরা বুঝতে পারছি না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা আক্তার এ বিষয়টি তার ‘নলেজে নেই’ বলে দাবি করেছেন।

তিনি বলেন, “কারখানার ধোঁয়ায় পরিবেশ দূষণের বিষয়টি আমার নলেজে নেই। বিষয়টি খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।”

কারখানাটিতে ৩০ জন চীনা ও ৩০০ স্থানীয় শ্রমিক-কর্মচারী কাজ করেন বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান।

গেলির বিরুদ্ধে দুই দিন আগে দুই শ্রমিককে চোর সন্দেহে বেঁধে নির্যাতনের অভিযোগও উঠেছিল।

কারখানাটির ‘ব্যবস্থাপক ও পরিচালকরা সবাই চীনা; তারা বাংলা বা ইংরেজি জানেন না’ দাবি করে প্রতিষ্ঠানটির দোভাষী নূর মোহাম্মদ শিপন পাটোয়ারি বলেন, দুই শ্রমিককে এসএস স্টিলের রডসহ হাতেনাতে ধরা হয়।

“তাদের নির্যাতন করা হয়নি। চাকরি ছেড়ে যাওয়ার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”

পরিবেশ দূষণ বা অনুমোদন না নেওয়া প্রসঙ্গে তিনি কোনো কথা বলতে চাননি।