দুই শ্রমিককে ‘মারধরের’ পর এলাকা ছাড়ার মুচলেকা
চুরির অভিযোগে দুই শ্রমিককে জানালার সঙ্গে বেঁধে ‘মারধর করে’ এলাকা ছাড়ার মুচলেকা নিয়েছে গাজীপুরের শ্রীপুরে কারখানা একটি কর্তৃপক্ষ।
সোমবার পৌরসভার কেওয়া পূর্ব খন্ড এলাকায় ‘গেলি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার এসআই নাজমুল হাসান জানান।
ওই দুই শ্রমিক হলেন- খুলনার দৌলতপুরের খোকন মিয়ার ছেলে রাসু হোসেন (২৭) পিরোজপুরের জিয়ানগরের খলিল মিয়ার ছেলে শাহিন আলম (২০) ।
শাহিন ও রাসুর অভিযোগ, সোমবার ভোরে কারখানার নিরাপত্তাকর্মীরা বাড়ি থেকে ধরে কারখানায় নিয়ে আসেন। গলায় চোর লেখা কাগজ ঝুলিয়ে জানালার গ্রিলের সঙ্গে বেঁধে রাখে। পরে চুরির অপবাদ দিয়ে মারধর করে কারখানার লোকেরা। পরে এলাকা ছাড়ার মুচলেকা নিয়েছে তারা।
এসআই নাজমুল বলেন, “ওই কারখানাটি চীনা মালিকের। কারখানার দোভাষী আমাদের জানিয়েছে, সীসার দণ্ড চুরির অপরাধে দুই শ্রমিককে চড়-থাপ্পর দেওয়া হয়েছে। পরে কারখানা ও এলাকা ছাড়ার মুচলেকা রেখে দুপুরের দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।”
