সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণে অন্তঃসত্ত্বা, তরুণ আটক
ঠাকুরগাঁও সদর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়েছে; এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) এটিএম সিফাতুল মাজদার জানান, চিলারং ইউনিয়নের আরাজি পাহাড়ভাঙ্গা উদগাড়ি গ্রামের খমির উদ্দীনের ছেলে রবিউল ইসলাম (২২) তাকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করেন।
এ ঘটনায় মামলার পর রবিউলকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনা জানার পর মঙ্গলবার রাতে ওই ছাত্রীকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক নিশা মর্তুজা রূপা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ছাত্রী এখন চার মাসের অন্তঃসত্ত্বা। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
ছাত্রীর নানার ভাষ্য, তার নাতি লজ্জায় ধর্ষণের কথা কাউকে বলেনি। পরিবারের সদস্যরা টের পেরে ঘটনা উদঘাটন করেন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিয়ে দিয়ে মীমাংসার চেষ্টা করেন। কিন্তু রবিউল পালিয়ে যান। পরে বুধবার পুলিশ তাকে আটক করে।
পরিদর্শক সিফাতুর মাজদার বলেন, পুলিশ সুপার ফারহাত আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে ওই ছাত্রীর সঙ্গে কথা বলেছেন।
