২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বহরে হামলা: ছাত্রলীগ নেতা গিয়েছিলেন ‘যানজট সরাতে’

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রলীগের যে নেতার ছবি গণমাধ্যমে এসেছে, তিনি সেখানে যানজট সরাতে গিয়েছিলেন বলে দাবি করেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 08:14 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

কক্সবাজার যাওয়ার পথে গত শনিবার বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা হয়। তার গাড়ি বেঁচে গেলেও ক্ষতিগ্রস্ত হয় গণমাধ্যমের গাড়ি; মারধরের শিকার হন কয়েকজন সাংবাদিক।

মহাসড়কে ফেনীর মোহাম্মদ আলী বাজারে ওই হামলাকারী যুবকদের মধ্যে স্থানীয় শর্শদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি রিয়েলের ছবি গণমাধ্যমে আসে।

হামলার জন্য বিএনপি স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করলেও ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ একটি অডিও টেপ সোমবার একটি অনুষ্ঠানে শুনিয়ে বলেন, চট্টগ্রামের বিএনপি নেতা শাহাদাত হোসেন তার দলের নেতা-কর্মীদের ওই হামলার নির্দেশ দিয়েছিলেন।

অন্যদিকে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে শাহাদাত দাবি করেন, অডিওর ওই কণ্ঠটি তার নয়, তা ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকার।

Image
ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা

ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা

এই অভিযোগের বিষয়ে ফেনীর শাহাদাতের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অডিওর কণ্ঠটিও তারও নয়।

ওই হামলায় আওয়ামী লীগের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করার সঙ্গে তিনি সেদিন ঘটনাস্থলে ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিয়েলের উপস্থিতির ব্যাখ্যা দেন।

আওয়ামী লীগের চেয়ারম্যান শাহাদাত বলেন, “হামলার পর যানজট হলে তা সরানোর জন্য সেখানে রিয়েলসহ ছাত্রলীগের ছেলেরা গিয়েছিল।”

এই বিষয়ে ছাত্রলীগ নেতা রিয়েলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

ইউপি চেয়ারম্যান শাহাদাত হামলার জন্য বিএনপির কেন্দ্রীয় নেতা ও নোয়াখালীর সাবেক এমপি জয়নুল আবদিন ফারুকের ‘লোকজন’কে দায়ী করেন।

Image
হামলায় ক্ষতিগ্রস্ত এই গাড়ির ছবি ঘুরছে ফেইসবুকে

হামলায় ক্ষতিগ্রস্ত এই গাড়ির ছবি ঘুরছে ফেইসবুকে

 

বিএনপি হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করলেও না নাকচ করে ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, হামলার ঘটনাটি ‘বিএনপির সাজানো’ ।

“আমার কাছে খবর আছে, ছাত্রদল ও যুবদল এ ঘটনা ঘটিয়েছে। পরিকল্পিতভাবে ছাত্রদল ও যুবদলকে দিয়ে এ ঘটনা ঘটিয়ে ছাত্রলীগের উপর, যুবলীগের উপর দোষ চাপানোর এটি একটা মতলব, সেই মতলবটা এখন পরিষ্কার।”

তিনি আরও বলেছিলেন, “আমরা সরকারি দল। দেশ শান্তিতে চলছে। কী প্রয়োজন বেগম জিয়াকে বাধা দিয়ে আমাদের নিজেদের ক্ষতি করা? এটা তো সরকার ও আমাদের রুলিং পার্টির ক্ষতি। আমরা কেন আমাদের ক্ষতি ডেকে আনব?” 

পুরনো খবর:

ফেনীতে হামলা, খালেদার বহরের গাড়ি ভাংচুর
‘নিউজ পাওয়ার জন্য’ বিএনপির সাজানো হামলা: কাদের
তাহলে বিএনপি নেতাদের গাড়ি বাঁচল কী করে: হাছান মাহমুদ