২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাহলে বিএনপি নেতাদের গাড়ি বাঁচল কী করে: হাছান মাহমুদ

ফেনীতে বহরে হামলার সময় খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের গাড়ি রক্ষা পাওয়ার ঘটনাটি এই কাণ্ডে দলটির জড়িত থাকার প্রমাণ বলে দাবি করেছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2017, 10:50 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

ক্ষমতাসীন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, “দলের নেতা-কর্মীদের দিয়ে বিএনপি নেত্রীর গাড়িবহরের সাংবাদিকদের গাড়িতে হামলা চালিয়ে নাটক সাজিয়েছে বিএনপি। নিজের হামলা করে এখন আমাদের ওপর দোষ চাপাতে চাচ্ছে।

“এটা নাটক না হলে বিএনপি নেতাদের গাড়িতে কেন হামলা হল না।”

রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিতে সড়ক পথে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে শনিবার বিকালে ফেনী শহরের কাছে হামলার মুখে পড়ে খালেদা জিয়ার গাড়িবহর।

খালেদার গাড়ি অতিক্রমের পর হামলাকারী যুবকরা বহরে হামলা চালিয়ে সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাংচুর করে। মারধর করে কয়েকজন সাংবাদিককে।

বহরে থাকা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের গাড়িও হামলায় ক্ষতিগ্রস্ত হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রামে পৌঁছে বলেছেন, ওই হামলা যে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাই চালিয়েছিলেন, তা স্পষ্ট।

ওই অভিযোগ প্রত্যাখ্যান করতেই ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আসেন হাছান।

সাংবাদিকদের গাড়িতে হামলার ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে নিন্দা জানান তিনি।

বিএনপির প্রতি তিনি বলেন, “পরিকল্পিতভাবে বিএনপি এই হামলা করেছে। বিএনপি  নেত্রী খালেদা জিয়ার বক্তব্যের মাধ্যমে প্রমানিত হয় এটা তাদের পরিকল্পিত হামলা। বহরে হামলার ঘটনায় একজন বিএপি নেতাও আহত হয়নি, এটা আসলেই রহস্যজনক।”

হামলাকারীদের মধ্যে ফেনীর শর্শদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ছবি আসার বিষয়ে হাছান মাহমুদ বলেন, “ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি অপপ্রচার চালাচ্ছে।”

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন সংবাদ সম্মেলনে ছিলেন।

‘হামলা চালিয়ে কী লাভ’

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলায় আওয়ামী লীগের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ওবায়দুল কাদের বলেছেন, এটা করে তার দলের কোনো লাভ নেই।

রোববার রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনালে ‘নিরাপদ সড়ক দিবস’ উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, “আমরা সরকারি দল। দেশ শান্তিতে চলছে। কী প্রয়োজন বেগম জিয়াকে বাধা দিয়ে আমাদের নিজেদের ক্ষতি করা? এটা তো সরকার ও আমাদের রুলিং পার্টির ক্ষতি। আমরা কেন আমাদের ক্ষতি ডেকে আনব?

“হামলা কেন? আমরা রাস্তায় রাস্তায় বিএনপি নেত্রীর জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করেছি। চকরিয়ায় রেস্ট হাউজ দেওয়ার জন্য আমি বলেছি, পথে তাদের দেরি হলে খাবারের ব্যবস্থা করার জন্যও আমি বলেছি। আমরা সন্মান করতে জানি। আপনারা অধম হলে, আমরা উত্তম হবো না কেন? "”

‘খালেদা জিয়া চিকিৎসা অসম্পূর্ণ রেখে দেশে ফিরে এসেছেন’ বলে বিএনপি নেতা মওদুদ আহমেদের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “এ অসুস্থ নেত্রী গতকাল সড়কপথে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছেন। আজ সকালেও সাড়ে তিন ঘণ্টা লেট করে সাড়ে ১২টায় কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন। এটাই অসুস্থতার লক্ষণ। এ বয়সে শরীর তো চলতে হবে।”

খালেদা জিয়া এই কর্মসূচিতে গোলযোগ বাঁধিয়ে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিতে চাইছেন বলে দাবি করেন মন্ত্রী ওবায়দুল কাদের।

পুরনো খবর:

ফেনীতে হামলা, খালেদার বহরের গাড়ি ভাংচুর