২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে লড়িচাপায় পলিটেকনিক ছাত্র নিহত

ঢাকার সাভারে তেলবাহী লড়ির চাপায় মোটরসাইকেল আরোহী এক পলিটেকনিক ছাত্র নিহত হয়েছেন; আহত হয়েছেন একজন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 07:38 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

সোমবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত আহম্মেদ প্রান্ত (২০) পাবনার চাটমোহরের হাকিম আহম্মেদের ছেলে এবং আহছানউল্লাহ পলিটেকনিক্যাল কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। পরিবারের সঙ্গে তিনি সাভার পৌরসভার আনন্দপুরে থাকতেন।

আহত শিবলুকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার মডেল থানার এসআই সোহেল আল মামুন জানান, সিফাত ও তার বন্ধু শিবলু মোটরসাইকেলে করে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের থানা বাসস্ট্যান্ড থেকে সাভার বাজার বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন।

“পাকিজা এলাকায় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে তাদের মোটরসাইকেলটি মহাসড়কের উপড়ে পড়ে যায়। এ সময় পিছন থেকে আসা দ্রুতগতির একটি তেলবাহী লড়ি তাদের চাপা দেয়।”

এসআই সোহেল বলেন, ঘটনাস্থলে সিফাত নিহত হন। ‘মুমূর্ষু’ অবস্থায় শিবলুকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তেলবাহী লড়িটি স্থানীয়রা আটক করলেও এর চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।