জয়পুরহাটে ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে মাদকসহ আটক এক নারীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে জয়পুরহাটে এক ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
আটক রায়হান বিল্লাহ ময়নুল হাসান ওরফে মুন (৩৮) বগুড়া সদর উপজেলার গোকুল গ্রামের রেজাউল করিম টুটুলের ছেলে। তিনি উত্তরা ব্যাংকের রাজধানীর মতিঝিল শাখায় সিনিয়ার অফিসার পদে কর্মরত।
জয়পুরহাট গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুনিরুল ইসলাম জানান, রোববার বেলা ১১টার দিকে তাকে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে শনিবার রাতে সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ পুলিশ কর্মকর্তা বলেন, শনিবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপলপুর গ্রাম থেকে লাইলী বেগম (৩৫) নামে এক নারীকে ফেনসিডিলসহ আটক করে গোয়েন্দা পুলিশ।
“দুপুরের দিকে জয়পুরহাট গোয়েন্দা পুলিশের সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেনকে ফোন করে নিজেকে ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট’ পরিচয় দিয়ে ওই নারীকে ছেড়ে দিতে বলেন ময়নুল।”
মুনিরুল বলেন, ফোন পেয়ে সন্দেহ হওয়ায় কিছু তথ্য জানতে তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আসতে বলা হয়ে। আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের প্রতারণার বিষয়টি ধরা পরলে তাকে আটক করা হয়।
ওই ব্যাংক কর্মকর্তা মাদকাসক্ত এবং বিভিন্ন মাদকবিক্রেতার সঙ্গে তার পরিচয় রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তার ভাষ্য।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেছে।
